রাজধানীর বনানীতে নিয়ন্ত্রণ হারিয়ে ‘ভাটিকা’ নামের একটি যাত্রীবাহী বাস আইলেন্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে মো. রফিক (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় বাসে থাকা আরও দুই যাত্রী আহত হেয়েছেন।
শনিবার (৬ জুন) সকাল পৌনে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় মো. রফিক নামে এই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রফিক দুর্ঘটনা কবলিত বাসের হেলপার ছিলেন। তিনি ময়মনসিংহ সদর এলাকার নুর আলমের ছেলে।
ফায়ার সার্ভিস কর্মী মোস্তফা কামাল জানান, সকালে বনানীর আমতলী এলাকা থেকে ১০০ গজ দূরে ভাটিকা নামের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আইলেন্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। তাদের মধ্যে বাসের হেলপার রফিককে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর দুজন আহত যাত্রী মো. রনি (২৫) ও মো. ফিরোজ (৪০) জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আহত আরও দুজনের চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করেছি।