বিকালে হঠাৎ করেই রাজধানীর আকাশ কালো মেঘে ঢেকে যায়। এরপর ঢাকার বিভিন্ন এলাকায় শুরু হয় মুষলধারে বৃষ্টি। কোথাও কোথাও বজ্রপাতও দেখা গেছে।
শুক্রবার (১২ জুন) বিকাল সাড়ে ৩টার পরে বৃষ্টিতে তলিয়ে যায় সড়কগুলো। এতে চরম দুর্ভোগে পড়েন রাজধানীবাসী। বিকেলে শুরু হওয়া টানা প্রায় ঘণ্টাখানেকের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী।
বাড্ডা, রামপুরা, বনশ্রী, মালিবাগ, মগবাজার, বেইলি রোড, কাকরাইল, শান্তিনগর, মতিঝিল, পল্টন, কমলাপুর, শাহজাহানপুর, বাংলামোটর, শাহবাগ, পান্থপথ, ধানমন্ডি, প্রগতি সরণি, গ্রিন রোড ও কাওরান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া, বজ্রপাত ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
বৃষ্টির কারণে বিভিন্ন এলাকার নিচু সড়ক ও গলিতে হাঁটুসমান পানি জমারও খবর পাওয়া গেছে। হঠাৎ বৃষ্টিতে পথচারী ও মোটরসাইকেল আরোহীরাও বিপাকে পড়েন। অনেক স্থানে সড়কে পানি জমে যান চলাচল ধীর হয়ে পড়ে।