সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে টানা ভারী বর্ষণে রাজধানী ঢাকা কার্যত পানির নগরীতে পরিণত হয়েছে। টানা বর্ষণে সপ্তাহের প্রথম কর্মদিবসেই জলমগ্ন হয়ে পড়েছে রাজধানী ঢাকা।
রোববার (১২ জুলাই) রেকর্ড ১৭৫ মিলিমিটার বৃষ্টিতে নগরীর সড়ক, অলিগলি, আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ মোড়গুলো তলিয়ে গিয়ে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। জলাবদ্ধতায় ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে যানবাহন, ব্যাহত হয় স্বাভাবিক জনজীবন।

সড়কে পানি জমে থাকায় রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, বাস ও ব্যক্তিগত গাড়ি ধীরগতিতে চলাচল করে। অনেক স্থানে যানবাহনের সৃষ্ট ঢেউয়ে পথচারীদের ভিজে যেতে দেখা যায়। কোথাও কোথাও পানির কারণে যানবাহন বিকল হয়ে পড়ায় সাময়িক যানজটেরও সৃষ্টি হয়।

এলাকাবাসীর অভিযোগ, বর্ষা মৌসুম এলেই এলাকায় একই চিত্রের পুনরাবৃত্তি ঘটে। জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন সময়ে নানা উদ্যোগের ঘোষণা দেওয়া হলেও কার্যকর ও স্থায়ী সমাধান মিলছে না। তারা দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী কয়েক দিনও দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই তালিকায় রয়েছে ঢাকা বিভাগও। ফলে রাজধানীসহ নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বর্ধিত পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।