ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আলজেরিয়া-আর্জেন্টিনা ম্যাচকে ঘিরে ভোর থেকেই জড়ো হতে শুরু করেন দুই দলের সমর্থকরা। এর মধ্যে আর্জেন্টিনার সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বুধবার (১৭ জুন) সকালে খেলা শুরুর আগেই টিএসসি সমর্থকদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
এসব সমর্থকদের অনেকেই রাত থেকেই টিএসসিতে অবস্থান করছেন। আবার অনেকে ফ্রান্স ও সেনেগালের মধ্যকার ম্যাচ দেখার পর আর ফিরে যাননি। আর্জেন্টিনার খেলা দেখার অপেক্ষায় তারা রাত কাটিয়েছেন টিএসসিতেই।
সমর্থকরা বলেন, ফ্রান্স ও সেনেগালের খেলা দেখে আর ফিরিনি। সকাল ৭টায় আর্জেন্টিনার খেলা দেখার জন্য অপেক্ষা করছি। গত আসরের মতো এবারও আর্জেন্টিনা কাপ জিতবে এটাই আমার প্রত্যাশা। যেহেতু এটি মেসির শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে, তাই ফুটবলের এই জাদুকরের হাতেই কাপ উঠুক, সেটাই চাই।