রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষোভ মিছিল শেষে ব্রিফিং চলাকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের এই হামলায় মাহফুজুর রহমান শিশির নামে এক সংবাদকর্মী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংবাদ সূত্রে জানা যায়, সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে ওই এলাকায় একটি আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে জামায়াত নেতা মুস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম শাহিন, আনিসুজ্জামান ও জাহিনুর রহমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
মিছিল সমাপ্তির পর জামায়াত নেতাদের ব্রিফিং চলাকালে সাংবাদিকদের মধ্য থেকে একজন সিনিয়রকে কথা বলার সুযোগ দিতে অনুরোধ জানানো হয়। এই অনুরোধকে কেন্দ্র করে সেখানে উপস্থিত জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দোসর’ বলে আখ্যা দেন। উপস্থিত সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে এই অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদ জানালে জামায়াতের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হন এবং আকস্মিক হামলা চালান।
এই হামলায় ‘দৈনিক সকাল’ পত্রিকার রিপোর্টার মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত হন এবং তার মুখ দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য সাংবাদিকরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ বিষয়ে ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদের সদস্য মুজিবুর রহমান খান সাংবাদিকদের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, তাদের পূর্বনির্ধারিত এই কর্মসূচিতে বহিরাগতরা অনুপ্রবেশ করে এমন অনভিপ্রেত ঘটনা ঘটিয়ে থাকতে পারে।