গুলিস্তানে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জামায়াতের বিক্ষোভ

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৩:০৮ পিএম

রাজধানীর গুলিস্তানে চাঁদাবাজি, দখলদারিত্ব ও সন্ত্রাসের অভিযোগ তুলে রোববার (৫ জুলাই) বিক্ষোভ মিছিল করেছে চাঁদাবাজ, দখলদার, সন্ত্রাসী প্রতিরোধ কমিটি। মিছিলটি বায়তুল মোকাররম জামে মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এ কর্মসূচির আগে, শনিবার জামায়াতে ইসলামীর একটি মিছিলে বিএনপির স্থানীয় কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করে দলটি। ওই ঘটনার পর ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে বিএনপির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করেন জামায়াতের নেতাকর্মীরা।

জামায়াতের ঢাকা দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুল সাত্তার সুমনের ভাষ্য অনুযায়ী, কয়েকদিন ধরে জামায়াত-সমর্থিত ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করা হচ্ছিল। এর প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটে।

তার দাবি, এতে মোট ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

জামায়াতের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, গুলিস্তান এলাকায় দীর্ঘদিন ধরে বিএনপির কর্মীরা চাঁদাবাজি ও দখলদারিত্বে জড়িত।

দলটির অভিযোগ, সম্প্রতি কিছু মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার উদ্দেশ্যে সেগুলো তালাবদ্ধ করার চেষ্টা করা হয়। এ পরিস্থিতিতে স্থানীয় ব্যবসায়ীদের অনুরোধে জামায়াতের নেতারা তাদের পাশে দাঁড়ান। পরে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের প্রতিবাদে ফুলবাড়িয়ায় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হলে সেখানে হামলার ঘটনা ঘটে বলে দলটির দাবি।

NM/SN
আরও পড়ুন