সংসদে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী

‘ঢাকায় ৪৪৫টি ভূমিকম্প-সহনশীল আশ্রয়কেন্দ্র স্থাপনের পরিকল্পনা’

রাজধানী ঢাকায় ভূমিকম্পের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় ৪৪৫টি ভূমিকম্প-সহনশীল আশ্রয়কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে সরকার। মঙ্গলবার (২১ জুন) জাতীয় সংসদ অধিবেশনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এই তথ্য জানিয়েছেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার এক প্রশ্নের জবাবে মন্ত্রী সরকারের এই গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা তুলে ধরেন।

সংসদে মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, ভূমিকম্পসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসের আগাম প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২৫৬টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৮৯টি নিরাপদ আশ্রয়কেন্দ্র চিহ্নিত করা হয়েছে।

তিনি আরও বলেন, "চিহ্নিত এই স্থানগুলোকে আনুষ্ঠানিকভাবে 'ভূমিকম্প-সহনশীল আশ্রয়কেন্দ্র' হিসেবে ঘোষণার জন্য ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে।"

দুর্যোগ মোকাবিলায় জনবল প্রস্তুতির কথা উল্লেখ করে মন্ত্রী জানান, ঢাকা ও এর আশেপাশের এলাকায় দুর্যোগকালীন জরুরি সেবা দিতে ১ লাখ স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখার লক্ষ্যে একটি সমন্বিত ‘ভলান্টিয়ার ডেটাবেজ’ তৈরির কাজ চলছে। সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে তথ্য সংগ্রহ করে এই ডেটাবেজটি চূড়ান্ত করা হবে।

সংসদে মন্ত্রী বলেন, "ভূমিকম্প ও সুনামি পর্যবেক্ষণ এবং এর দ্রুত তথ্য প্রচারের ব্যবস্থা জোরদার করতে আবহাওয়া অধিদপ্তর, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় আরও বৃদ্ধি করা হয়েছে।"

বাংলাদেশ ভূমিকম্প ও সুনামি-প্রবণ অঞ্চলের কাছাকাছি অবস্থানে থাকায় সরকার দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি হ্রাসের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করেন মন্ত্রী। একই সাথে রাজধানীতে ভূমিকম্প-সহনশীল অবকাঠামো নিশ্চিত করতে 'বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড' (বিএনবিসি) মেনে চলার বিষয়টি কঠোরভাবে জোরদার করা হচ্ছে বলেও তিনি সংসদকে আশ্বস্ত করেন।