চিড়িয়াখানা ছাড়ল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

চিড়িয়াখানায় নেই ‘ট্রাম্প’, নতুন গন্তব্য কোথায়

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৫:০৫ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যম কাঁপানো এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমের নজর কাড়া সেই আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় নেই। চিড়িয়াখানার চেনা পরিবেশ চুকিয়ে এবার তার নতুন গন্তব্য হয়েছে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)। তবে এবার কোনো সাধারণ প্রদর্শনী বা দর্শনার্থীদের বিনোদনের জন্য নয়, বিরল ‘অ্যালবিনো’ জাতের এই মহিষটিকে সাভারে আনা হয়েছে সম্পূর্ণ ভিন্ন উদ্দেশ্যে উন্নত জিনগত গবেষণার জন্য।

মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় গত রোববার (২২ জুন) জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মহিষটিকে বিএলআরআই-এর কাছে হস্তান্তর করে। বর্তমানে প্রতিষ্ঠানটির কড়া নজরদারিতে বিশেষ কোয়ারেন্টাইনে রাখা হয়েছে সেটিকে। ‘ডোনাল্ড ট্রাম্প’-এর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও ভবিষ্যতের বৈজ্ঞানিক গবেষণার জন্য ইতোমধ্যে বিএলআরআই-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গৌতম কুমার দেবকে প্রধান করে ১৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

ড. গৌতম কুমার দেব জানান, মহিষটি দীর্ঘদিন চিড়িয়াখানার মতো জনাকীর্ণ পরিবেশে থাকায় সুরক্ষার স্বার্থে তাকে আগামী ১৪ থেকে ২১ দিন পর্যন্ত সম্পূর্ণ কোয়ারেন্টাইনে রাখা হবে, যেন কোনো সংক্রামক রোগ ছড়াতে না পারে। কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ হওয়ার পর এর শারীরিক সক্ষমতা বিবেচনা করে মূল বৈজ্ঞানিক গবেষণা শুরু হবে।

উল্লেখ্য, গত কোরবানির ঈদের আগে নারায়ণগঞ্জের ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ লালন-পালন করার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো অদ্ভুত চুলের স্টাইলের কারণে মহিষটির এই নামকরণ করা হয়। সাদাটে অবয়বের এই মহিষটির ছবি ও ভিডিও ভাইরাল হলে তা বিবিসি ও সিএনএনের মতো আন্তর্জাতিক গণমাধ্যমেও স্থান করে নেয়। পরে কেরানীগঞ্জের এক বাসিন্দা এটি কিনে নেওয়ার পর উৎসুক জনতার উপচে পড়া ভিড় সামলাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে পুলিশ এটিকে উদ্ধার করে মিরপুর চিড়িয়াখানায় পাঠিয়েছিল। এবার চিড়িয়াখানার পাঠ চুকিয়ে বিজ্ঞানের নতুন গবেষণার অংশ হতে সাভারের বিএলআরআই-এ ঠাঁই হলো আলোচিত এই মহিষের।

SN
আরও পড়ুন