গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলা, আহত ২০

রাজধানীর গুলিস্তানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে। শনিবার (৪ জুলাই) বিকেলে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি।

প্রত্যক্ষদর্শী ও জামায়াত নেতাদের দাবি অনুযায়ী, স্থানীয় পর্যায়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছিল। ওই সময় হঠাৎ করেই বিএনপির স্থানীয় কর্মীরা মিছিলে হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

হামলার পর ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে ফুলবাড়িয়া এলাকায় বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ করেন জামায়াতের নেতাকর্মীরা।

জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুল সাত্তার সুমন হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এতে ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন ছুরিকাহত হয়েছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে দাবি করা হয়েছে।

এ ঘটনায় আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করছে।