রাজধানীর চকবাজারের আশিক টাওয়ারের আবুল বাশার মার্কেটে লাগা আগুন প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার (৪ জুলাই) বিকেল ৩টা ১৪ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে দুপুর ১টা ৩৪ মিনিটে ভবনটির তৃতীয় তলার একটি দোকানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় জানানো হয়, আগুন লাগার সংবাদ পাওয়ার পর দুপুর ১টা ৪৬ মিনিটে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তী সময়ে আগুনের তীব্রতা বিবেচনায় সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিটের সম্মিলিত চেষ্টায় বিকেল সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা এখন ডাম্পিংয়ের (আগুন পুরোপুরি নির্বাপণ) কাজ করছেন বলে জানা গেছে।