রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত ২৪ ঘণ্টার অভিযানে ৪০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫০টি মামলা দায়েরের পাশাপাশি মাদক, দেশীয় অস্ত্র, চোরাই মালামাল, মোবাইল ফোন, মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানানো হয়েছে।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় পরিচালিত নিয়মিত অভিযানে গ্রেপ্তার হওয়া ৪০৬ জনের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৫ জন, লালবাগ বিভাগ থেকে ৩৬ জন, ওয়ারী বিভাগ থেকে ৩১ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৫ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫৯ জন, মিরপুর বিভাগ থেকে ১২০ জন, গুলশান বিভাগ থেকে ৩২ জন, উত্তরা বিভাগ থেকে ৪৩ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগ থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযান চলাকালে গ্রেপ্তারদের কাছ থেকে ১ কেজি ২১৫ গ্রাম গাঁজা, ২ হাজার ২৯০ পিস ইয়াবা, দরজা ও জানালায় ব্যবহৃত অ্যালুমিনিয়াম ফ্রেমের ছোট-বড় বিভিন্ন সাইজের ১৫টি পুরাতন টুকরা, একটি চাকু, একটি অ্যান্টিকাটার, পাঁচটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল এবং ৮ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।