গ্রিডে আগুন, রাজধানীতে বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন

তেজগাঁও, বাংলামোটর, মগবাজার, নিউ ইস্কাটন, কাকরাইল, শেরেবাংলা নগর ও কারওয়ান বাজারসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। 

শনিবার (১১ জুলাই) দুপুরে তেজগাঁও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কারওয়ান বাজারসহ আশ-পাশের এলাকায় ঘণ্টা কয়েক বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে বলে গ্রাহকরা অভিযোগ করেছেন।

পরে বিকল্প ব্যবস্থায় অধিকাংশ এলাকায় বিদ্যুৎ ফেরানো হয়। তবে কিছু এলাকায় বিদ্যুৎ পেতে আরও কিছু সময় অপেক্ষায় থাকার কথা বলেছেন ডিপিডিসির এক কর্মকর্তা।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) প্রধান প্রকৌশলী মোহাম্মদ তারিকুল হক বলেন, মগবাজার উপকেন্দ্রে ‘ফ্ল্যাশিংয়ের’ পর দুটি ব্রেকার ও কয়েকটি কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, বিকল্প ব্যবস্থায় ওই এলাকার অধিকাংশ গ্রাহকের বিদ্যুৎ ফিরিয়ে আনা হয়। বাংলামোটর এলাকার তিনটি ফিডারের আওতায় আনুমানিক ১৫ থেকে ১৬ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়েছিল।

তারিকুল বলেন, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও কারওয়ান বাজারের ব্যবসায়িক এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্রেকার ও কেবল মেরামতে কাজ চলমান রয়েছে। সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।