টিসিবির পণ্য নিতে এসে মিরপুরে দেয়াল ধস

মিরপুরে দেয়াল ধসে নারী নিহত, আহত অন্তত ৭

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে এক নারী নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। 

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ৩টার দিকে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত নারীর নাম নাছিমা বেগম, তিনি মিরপুর ২ নম্বর জনতা হাউজিংয়ের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেওয়াল ধসে নাছিমা বেগম নামে এক মৃত্যুর হয়েছে। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন। আমাদের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

প্রত্যক্ষদর্শী একজন জানান, টিসিবির পণ্য নিতে অনেকে লাইন ধরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে দেয়াল ধস পড়তে দেখে আমি দৌড়ে যাই। এ সময় দেয়াল চাপা পড়ে ৭ থেকে ৮ জন আহত হন। এর মধ্যে মুখ থেঁতলানো ও পা ভেঙে যাওয়া এক নারীকে দেখতে পাই। নাসিমা নামে ওই নারীর মৃত্যু হয়েছে।