ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে হিজড়াদের হাত থেকে উদ্ধার করতে গিয়ে অশালীন গালিগালাজ, শারীরিক হেনস্তা এবং পরবর্তীতে অনলাইনে অপপ্রচারের শিকার হয়েছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের। গত সোমবার (২৭ জুলাই) রাতে রাজধানীর পরিবাগ সংলগ্ন ফুটওভার ব্রিজ এলাকায় এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত ১১টার দিকে পরিবাগ ব্রিজের ওপর হিজড়া পরিচয়ে সংঘটিত অসামাজিক কার্যক্রমের তথ্য ও সংবাদ সংগ্রহ করতে যান ঢাবি শিক্ষার্থী ও সাংবাদিক সিফাতুল্লাহ তাসনিম। সেখানে পৌঁছানোর পর কিছু ব্যক্তি তার ওপর চড়াও হয় এবং আক্রমণাত্মক আচরণ শুরু করে।
খবর পেয়ে শাহবাগ থানা পুলিশকে বিষয়টি জানিয়ে বন্ধুকে সহযোগিতা করতে ঘটনাস্থলে পৌঁছান ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের। সেখানে গিয়ে তিনি ওই শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা করলে হিজড়ারা জুবায়েরের ওপর চড়াও হয় এবং তাকে অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে।
ঘটনার বর্ণনা দিয়ে এ বি জুবায়ের জানান, সেখানে যাওয়ার আগেই তিনি শাহবাগ থানা প্রশাসনকে অবহিত করেছিলেন। কিন্তু ঘটনাস্থলে পৌঁছাতেই অভিযুক্তরা বাকবিতণ্ডা শুরু করে এবং ভিডিও করে তা বিকৃতভাবে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। একপর্যায়ে তারা ওই সাংবাদিকের ওপর গায়ে হাত তোলে বলেও অভিযোগ করেন তিনি।
পরবর্তীতে শাহবাগ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষার্থীকে উদ্ধার করে। এ বিষয়ে শাহবাগ থানার এক পুলিশ কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে সহায়তা করেছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির একাংশের ভিডিও ক্লিপ ছড়িয়ে চরিত্র হননের অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জুবায়ের। তিনি জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা ভিডিও ছড়িয়ে তাকে হেয় করা হচ্ছে এবং এ ঘটনায় তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন।
সংবাদের তথ্যসূত্র (Source): ভুক্তভোগী এ বি জুবায়েরের সাক্ষাৎকার এবং শাহবাগ থানা পুলিশ কর্মকর্তার সুনির্দিষ্ট নিশ্চিতকরণ।