মিরপুরে বিএনপি নেতাকে এলোপাথাড়ি গুলি

রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তদের ছোড়া এলোপাথাড়ি গুলিতে বিএনপির এক নেতা ও এক পথচারী নারী আহত হয়েছেন। গুরুতর আহত বিএনপি নেতা মো. আলমগীরকে (৫৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর-১১ নম্বরের মিল্লাত ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। আহত আলমগীর ঢাকা জেলার নবাবগঞ্জ থানা বিএনপির সদস্য বলে জানিয়েছেন স্বজনরা।

হাসপাতালে আহত আলমগীরের চাচা মো. আশিক জানান, আলমগীরের বাসা মিরপুর সেকশন-১১ এর ৩ নম্বর রোডে। তিনি মাছ ব্যবসা করেন। পাশাপাশি তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ থানা বিএনপির সদস্য।

তিনি আরও জানান, শুক্রবার বিকেলে মিরপুর-১১ নম্বরের মিল্লাত ক্যাম্পের সামনে একটি প্রাইভেটকারে করে চার ব্যক্তি এসে আলমগীরকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। এরপর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে আলমগীরের মাথার ডান পাশে, পেটের ডান পাশে ও নিতম্বে গুলি লাগে। এ ঘটনায় রাজিয়া নামে এক পথচারী নারীও আহত হয়েছেন।

স্বজনদের ধারণা, রাজনৈতিক কোনো বিরোধের জেরে আলমগীরকে লক্ষ্য করে গুলি করা হয়ে থাকতে পারে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আলমগীর নামে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তার মাথাসহ শরীরের কয়েকটি স্থানে গুলি লেগেছে।
বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।