নারায়ণগঞ্জের বন্দরে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন দগ্ধ হওয়া সকলের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (৭আগস্ট) ভোরে নারায়ণগঞ্জ বন্দরের মুছাপুর ইউনিয়নের চাঁপাতলি এলাকার সালাউদ্দিনের ভাড়া বাড়িতে ঘটনাটি ঘটে।
দগ্ধদের স্বজন ও স্থানীয়রা জানান, সালাউদ্দিনের বাড়ির গ্যাসের লাইনের লিকেজ থেকে ভাড়াটে রাজমিস্ত্রী মাইদুলের ঘরে গ্যাস জমে যায়। ভোরে মাইদুল লাইটার দিয়ে সিগারেটে আগুন ধরালে বিকট শব্দ হয়ে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় মারাত্মক দগ্ধ হন মাইদুল (২৪), তার স্ত্রী বিউটি (২৪) এবং তাদের আট বছর বয়সের শিশু সন্তান মারুফ।
আগুনে পরিবারটির ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়। পরে স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
এদিকে অভিযোগ রয়েছে, সেলিমের বাড়ির গ্যাসের লাইনটি অবৈধ ভাবে সংযোগ দেওয়ার।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের ডাক্তার শাওন বিন রহমান জানান, দগ্ধ তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের মধ্যে মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, লিকেজের কারণে ঘরে গ্যাস জমে ছিল। ঘরের বাসিন্দা যখন লাইটার দিয়ে সিগারেট জ্বালাতে যান তখন বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত ফটিকছড়ি
৭ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব : আইনমন্ত্রী