রাজধানীর নিউমার্কেট এলাকায় ফুটপাতে চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে স্থানীয় যুবদল।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে বলাকা সিনেমা হলের সামনে এই হামলার ঘটনা ঘটে। এতে ছাত্রদলের অন্তত ১৫ জন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে এম চঞ্চলের অনুসারীরা নিউমার্কেটের ফুটপাত ও ভ্যানচালকদের কাছ থেকে নিয়মিত চাঁদা তুলছিল। ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা বিকেলে টিএসসির দিকে যাওয়ার সময় এই চাঁদাবাজিতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে যুবদলের কর্মীরা প্রথমে তর্কাতর্কিতে জড়ায়।
পরবর্তী সময়ে কে এম চঞ্চলের নেতৃত্বে ৫০-৬০ জনের এক দল সশস্ত্র সন্ত্রাসী দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও রামদা নিয়ে ছাত্রদলের ওপর হামলা চালায়। হামলায় ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সিকদারসহ কয়েকজন গুরুতর আহত হন।
সুমন সিকদার অভিযোগ করেন, আত্মরক্ষার সময় সন্ত্রাসীরা রামদা দিয়ে তার ডান হাতে কোপ দেয়।
আহতদের মধ্যে ৮-১০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ২ জন পপুলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে সায়েন্সল্যাব ও প্রিয়াঙ্গন শপিং সিটি এলাকায় দুই পক্ষই মুখোমুখি অবস্থানে চলে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার শেখ জাহিদুল ইসলাম এবং নিউমার্কেট থানার ওসি মোহসিন উদ্দিন আতিক জানান, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
সূত্র: প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী নেতাকর্মী ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।