নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে আজ মঙ্গলবার চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে গোলাপি রঙের এসব ‘পিংক বাস’ পরিচালনার দায়িত্বে থাকবেন নারী চালক ও কন্ডাক্টর।
বিআরটিসি সূত্রে জানা গেছে, আজ বেলা ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই সার্ভিসের উদ্বোধন করা হবে। উদ্বোধনের দিন বিকেলে যাত্রী পাওয়া সাপেক্ষে বাস চলাচল করবে। তবে আগামীকাল বুধবার থেকে নির্ধারিত রুটে নিয়মিতভাবে যাত্রীসেবা শুরু হবে।
প্রথম ধাপে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে ১০টি বাস দিয়ে ‘মহিলা বাস সার্ভিস’ চালু করা হচ্ছে। ঢাকার বাইরে বগুড়ায় দুটি এবং চট্টগ্রামে দুটি বাসসহ আরও চারটি বাস এই সেবার আওতায় থাকবে। যাত্রীদের চাহিদা ও প্রয়োজন বিবেচনা করে ভবিষ্যতে বাসের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
রাজধানীতে নতুনবাজার (কোকাকোলা)-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার, মিরপুর-১০-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল, আব্দুল্লাহপুর-কোয়ার্টার-জিপিও, মিরপুর-মতিঝিল এবং মোহাম্মদপুর-মতিঝিলসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে এসব বাস চলাচল করবে। পাশাপাশি গাজীপুর-বিমানবন্দর রুটেও বিশেষ বাস সার্ভিস থাকবে।
নতুনবাজার থেকে মতিঝিলের পথে চলাচলকারী বাসগুলো কোকাকোলা, নতুনবাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিলে পৌঁছাবে। একইভাবে মিরপুর, মোহাম্মদপুর, ডেমরা ও আব্দুল্লাহপুর থেকে চলাচলকারী বাসগুলো রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকার সঙ্গে যাত্রীদের সংযোগ স্থাপন করবে।
ঢাকার বাইরেও থাকছে এই বিশেষ সেবা। বগুড়ার শেরপুর-মাটিডালি রুটে দুটি বাস এবং চট্টগ্রামের কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি বাস পরিচালনা করা হবে।
বিআরটিসি জানিয়েছে, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবেই নারী চালক ও কন্ডাক্টরের মাধ্যমে পরিচালিত এই বিশেষ বাস সার্ভিস চালু করা হচ্ছে। এর ফলে গণপরিবহনে নারীদের নিরাপত্তা ও যাতায়াতের স্বাচ্ছন্দ্য বাড়বে বলে আশা করছে সংস্থাটি। একই সঙ্গে পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান এবং অংশগ্রহণ বৃদ্ধিতেও এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।