সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং চলাফেরার জন্য হুইলচেয়ার ব্যবহার করতেন। পারিবারিক জীবনে এ দম্পতির এক কন্যাসন্তান রয়েছে। তৌফিক নেওয়াজের মৃত্যুতে তার স্বজন ও পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ডা. দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, তৌফিক নেওয়াজ রাতে হাসপাতালে মারা গেছেন। দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন। স্বামীর শেষকৃত্য বা জানাজায় অংশ নেওয়ার সুযোগ পেতে বুধবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসন বরাবর তার সাময়িক প্যারোলে মুক্তির আবেদন জমা দেওয়া হবে।
স্বামীর মৃত্যুতে বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি থাকা ডা. দীপু মনির সাময়িক প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করা হবে বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার হন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন এবং তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ৬০টিরও বেশি মামলা দায়ের হয়েছে।