এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন: সংসদ ভবনের সামনে বাস ভাঙচুর

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৩:৪১ এএম

এইচএসসি পরীক্ষা পেছানো এবং কঠিন প্রশ্নপত্রের প্রতিবাদের জেরে রাজধানী এখন উত্তাল। গতকাল মঙ্গলবার রাতে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা নেওয়া এবং প্রশ্ন কঠিন হওয়ার অভিযোগে সকাল থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান।

সকালে সায়েন্স ল্যাব মোড় অবরোধের মাধ্যমে শুরু হওয়া এই আন্দোলন দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিক্ষা বোর্ড এলাকা ঘুরে সন্ধ্যায় সংসদ ভবনের সামনে গিয়ে পৌঁছায়।

সেখানে শিক্ষার্থীরা ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে এর ঘণ্টাখানেক পরেই শিক্ষার্থীরা আবারও জড়ো হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ অবরোধ করেন।

অবরোধের কারণে সড়কের দুপাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরে ব্যারিকেড সরিয়ে গাড়ি চলতে শুরু করলে শিক্ষার্থীরা পথ আটকে দেন।

ঠিক ওই সময়েই একদল উচ্ছৃঙ্খল লোক একটি যাত্রীবাহী বাসে অতর্কিত হামলা চালিয়ে গ্লাস ভাঙচুর করে। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।

সাধারণ শিক্ষার্থীরা অবশ্য দাবি করেছেন, ভাঙচুরের সঙ্গে কোনো শিক্ষার্থী জড়িত ছিল না। আন্দোলনকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে বহিরাগতরা এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।

ঘটনাস্থল থেকে ভাঙচুরকারী একজনকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন আন্দোলনকারীরা। তবে বাসে হামলার ঘটনায় সাধারণ যাত্রী ও পথচারীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

HN
আরও পড়ুন