নিজেকে প্রধানমন্ত্রীর 'শ্যালিকা’ পরিচয় দিয়ে যা বললেন নারী বাসচালক ফাইমা

বাংলাদেশের প্রথম নারী বাস সার্ভিসে চালক হিসেবে কাজ করছেন এস কে ফাইমা । গণমাধ্যমের কাছে দেওয়া বক্তব্যে তিনি নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্যালিকা হিসেবে পরিচয় দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী তার ‘দুলাভাই’।

ফাইমা মিহলা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন আমার দুলাভাই। আর দুলাভাইয়ের কাছে শালিদের অনেকটা দাবি থাকে। আমি আমার দুলাভাইয়ের শ্যালিকা হিসেবে নিজেকে গর্বিত মনে করি।’

নিজের পরিচয় তুলে ধরে তিনি বলেন, তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মুখবাজার থানার শিলাম ইউনিয়নের বাসিন্দা। তার ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী শুধু সিলেট জেলা বা বিভাগের দুলাভাই নন, তিনি তাদের শিলাম ইউনিয়নেরও দুলাভাই।

ফাইমা বলেন, প্রধানমন্ত্রী তার ‘দুলাভাই’ হওয়ায় তার কাছে কিছু প্রত্যাশা রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে একটি প্রকল্প চালু হয়েছে এবং সেই প্রকল্পের মাধ্যমে তারা সেবামূলক কাজে যুক্ত হয়েছেন। জনগণকে উন্নত পরিবহনসেবা দেওয়ার জন্য তারা নিজেদের নিয়োজিত করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

নারী বাসচালক হিসেবে কাজ করার সুযোগ পাওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফাইমা বলেন, তারা যাতে আরও ভালোভাবে যাত্রীসেবা দিতে পারেন, সে বিষয়ে সরকারের সুদৃষ্টি প্রত্যাশা করেন।

সিলেটের রাজনীতিকদের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, ‘আরিফ আঙ্কেল’ ও ‘মুক্তাদির ভাই’ সিলেটের মন্ত্রী হিসেবে তাদের সহযোগিতা করবেন—এমন প্রত্যাশা রয়েছে তার। বাংলাদেশের প্রথম নারী বাস সার্ভিসের ইতিহাসে অংশ নিতে পারাকে তিনি গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন।

নিজের পেশাগত পরিচয় তুলে ধরে ফাইমা বলেন, বর্তমানে তিনি বিআরটিসির দোতলা বাসে চালক হিসেবে কাজ শুরু করেছেন। তার হেভি ড্রাইভিং লাইসেন্স রয়েছে বলেও জানান তিনি।

ভবিষ্যতে মেট্রোরেলসহ আরও বড় পরিসরের গণপরিবহন খাতে কাজ করার সুযোগ প্রত্যাশা করে ফাইমা বলেন, ‘আমি আশা করব, মেট্রোরেলের মতো জায়গাতেও যাতে আমরা সেবা দিতে পারি, মন্ত্রণালয় আমাদের সেই সুযোগ করে দেবে। আমরা মন্ত্রণালয়ের লোকদেরও সেবা দিতে পারি। আমাদের দুলাভাই ও আপুর কাছে এটাই আমাদের দাবি।’

তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফাইমার আত্মীয়তার দাবির বিষয়ে বক্তব্যে কোনো বিস্তারিত পারিবারিক পরিচয় বা সম্পর্কের সূত্র তিনি উল্লেখ করেননি। তার বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।