ঢাকা-১৭ আসন

কেন্দ্রগুলোতে এখনো ভোটারদের দীর্ঘ লাইন

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৮ পিএম

রাজধানীর ঢাকা-১৭ আসনের বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি চোখে পড়েছে। বিশেষ করে ক্যান্টনমেন্ট এলাকার ভেতরের কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। তবে দুপুর ১২টা পর্যন্ত অধিকাংশ কেন্দ্রে ভোট পড়েছে ৩০ শতাংশের কম বলে জানিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তারা।

ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতনে পাঁচটি কেন্দ্র রয়েছে। এর একটি পুরুষ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সোহেল আহমেদ জানান, তার কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৮ জন। দুপুর ১২টা পর্যন্ত ভোট দিয়েছেন ৯০১ জন, যা মোট ভোটারের প্রায় ৩০ শতাংশের কাছাকাছি।

নিকটবর্তী মানিকদী ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসা কেন্দ্রে সরেজমিনে দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। মাদরাসার ভেতর থেকে শুরু হয়ে লাইন বাইরে পর্যন্ত বিস্তৃত হয়েছে। দায়িত্বে থাকা সেনাসদস্যরা শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন।

কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার শামিম আহমেদ জানান, দুপুর পর্যন্ত সেখানে ১৮ শতাংশ ভোট পড়েছে। এ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৪৫২ জন। ভোটের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, ‘ভোট খুব সুন্দর হচ্ছে। ভালো হচ্ছে… চমৎকার।’

এ আসনের কয়েকটি কেন্দ্র ক্যান্টনমেন্ট এলাকার ভেতরে অবস্থিত। বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে রয়েছে তিনটি কেন্দ্র একটি নারী ও দুটি পুরুষ কেন্দ্র।

নারী কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আতিকুল আলম বলেন, তার কেন্দ্রে চারটি বুথে মোট ভোটার ১ হাজার ৮২৬ জন। দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ২৮ দশমিক ৩ শতাংশ। তিনি জানান, ‘অনেক সুন্দর ও সুশৃঙ্খলভাবে ভোট হচ্ছে। ভোটাররা খুশি ও আনন্দিত।

সংসদ ভোটের পাশাপাশি গণভোট হওয়ায় নতুন ভোটারদের কোনো ভোগান্তি হচ্ছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, পর্যাপ্ত ভলান্টিয়ার ও পোলিং অফিসার থাকায় ভোটারদের সবকিছু বুঝিয়ে দেওয়া হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না।

পাশের একটি পুরুষ কেন্দ্রে দীর্ঘ লাইনের চিত্র দেখা যায়। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শফিকুল ইসলাম জানান, তার কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৭০৩ জন। দুপুর পর্যন্ত ভোট পড়েছে ২২ দশমিক ৭২ শতাংশ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সকাল সাড়ে ৭টা থেকে এসব কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার প্রধান প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী স. ম. খালিদুজ্জামান। আসনটিতে মোট ১২ জন প্রার্থী থাকলেও চারজন তারেক রহমানকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৩৭৭ জন।

NB/AHA
আরও পড়ুন