ছাদে বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

রাজধানীর হাজারীবাগে বৃষ্টিতে ভিজতে গিয়ে বাড়ির ছাদে বজ্রপাতে রিয়াজ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার চার বছর বয়সী ভাতিজি অন্তরা আহত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা পৌনে ৩টার দিকে হাজারীবাগের বউবাজার এলাকার একটি চারতলা ভবনের ছাদে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় রিয়াজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পৌনে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

রিয়াজের আত্মীয় মো. সুমন জানান, বৃষ্টিতে ভিজতে রিয়াজ ও তার ভাতিজি অন্তরা বাড়ির ছাদে গিয়েছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে দুজনই অচেতন হয়ে পড়ে। পরে তাদের স্থানীয় শিকদার মেডিকেলে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রিয়াজকে ঢাকা মেডিকেলে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্তরা শিকদার মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

নিহত রিয়াজের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণী গ্রামে। তার বাবা মো. ইউসুফ। রিয়াজ আগে হাজারীবাগের একটি জুতা ও ব্যাগ তৈরির কারখানায় কাজ করতেন। কিছুদিন গ্রামের বাড়িতে থাকার পর প্রায় এক মাস আগে ঢাকায় ফিরে আবার ওই কারখানায় কাজে যোগ দেন। এরপর থেকে পরিবারের সঙ্গে হাজারীবাগের বউবাজার এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য রিয়াজের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করছে হাজারীবাগ থানা পুলিশ।