৩০০ ফিটে বেপরোয়া প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫৯ এএম

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার ৩০০ ফিট ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে রাস্তা পারাপারের সময় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাতপরিচয় আনুমানিক ৬০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এই একই দুর্ঘটনায় মোহাম্মদ ইমরান (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ইমরান রাজধানীর মগবাজার এলাকার একটি টেইলার্সে কারিগর হিসেবে কর্মরত।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে স্থানীয় পথচারী মোহাম্মদ লিজনসহ কয়েকজন মিলে আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক প্রবীণ ব্যক্তিটিকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, দুর্ঘটনায় ইমরানের পায়ে মারাত্মক আঘাত লেগেছে এবং তাকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ইতোমধ্যে আহত ইমরানের পরিবার ও সংশ্লিষ্ট থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

এইচএন
আরও পড়ুন