শুধু কীটনাশক প্রয়োগে মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাম্প্রতিক জরিপে প্রায় ৬০ শতাংশ বাসাবাড়িতে মশার লার্ভার উপস্থিতি পাওয়া গেছে। বিষয়টিকে উদ্বেগজনক উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে শুধু কীটনাশক প্রয়োগ করে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নগর ভবনের অডিটোরিয়ামে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার নিয়ে আয়োজিত পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের এমপি হামিদুর রহমান।

নগরবাসীকে মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, বৃষ্টির পর বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টবসহ বিভিন্ন পরিত্যক্ত পাত্রে পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। সুস্থ ও মশামুক্ত নগর গড়ে তুলতে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

সভায় নগরবাসীর সুরক্ষায় মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দেন ডিএসসিসি প্রশাসক।

মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা, নিয়মিত লার্ভিসাইডিং ও ফগিং কার্যক্রম পরিচালনার পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান জোরদার এবং নাগরিকদের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

সভায় নগরীর বিভিন্ন এলাকায় মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস, মাঠপর্যায়ের কার্যক্রম নিবিড়ভাবে তদারক এবং সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের মধ্যে আন্তঃসমন্বয় জোরদারের বিষয়েও আলোচনা হয়।

এদিকে একই দিন ডিএসসিসির ৩৩ নম্বর ওয়ার্ডে ‘মাজেদ সরদার বিপণি বিতান’ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রশাসক মো. আবদুস সালাম। প্রকল্পটির নির্মাণব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৪৭৪ লাখ টাকা।