রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কার্যালয়ে চোর সন্দেহে অজ্ঞাতপরিচয় এক যুবককে (২০) বেঁধে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে দায়িত্বরত আনসার সদস্যদের বিরুদ্ধে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিটিসিএল কার্যালয়ের অফিস সহকারী মো. সাইফুল ইসলাম জানান, সকালে ওই যুবক দেয়াল টপকে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। এ সময় দায়িত্বরত আনসার সদস্যরা তাকে আটক করে বেঁধে মারধর করেন। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে সিএনজিচালিত অটোরিকশায় করে হাসপাতালে পাঠানো হয়। তবে তার সঙ্গে কোনো আনসার সদস্য হাসপাতালে যাননি।
যুবককে হাসপাতালে নিয়ে আসা সৈকত আলী নিজেকে আনসারের সাবেক প্লাটুন কমান্ডার (পিসি) পরিচয় দিয়ে জানান, চুরির উদ্দেশ্যে ওই যুবকসহ আরও দুই-তিনজন সকালে দেয়াল টপকে কার্যালয়ে ঢোকার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে আনসার সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় ওই যুবক লাঠি দিয়ে এক আনসার সদস্যকে আঘাত করেন। পরে অন্যরা পালিয়ে গেলেও তাকে আটক করা হয়।
সৈকত আলী আরও বলেন, আটকের পর যুবককে আনসার ক্যাম্পে নিয়ে বেঁধে মারধর করা হয়। পরে তিনি অচেতন হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানোর জন্য সৈকতকে দায়িত্ব দেওয়া হয়। তবে মারধরের সঙ্গে তিনি জড়িত নন বলে দাবি করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তেজগাঁও শিল্পাঞ্চল থানাকে জানানো হয়েছে।
ঘটনাটি তদন্ত করে প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।