রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৪

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন থানায় ৫৯টি মামলা করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এসব তথ্য জানান।

উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৮, লালবাগে ৩৫, ওয়ারীতে ৬৬, মতিঝিলে ৫৪, তেজগাঁওয়ে ৬১, মিরপুরে ৮১, গুলশানে ২৫, উত্তরা বিভাগে ৪৮ এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) ১৬ জন রয়েছেন।

অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলভার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া ২১ হাজার ৬৭২ পিস ইয়াবা, ২ কেজি ৭৩৫ গ্রাম গাঁজা, ২০ গ্রাম ও ৩০ পুরিয়া হেরোইন, ৩২৪টি মোবাইল ফোন, নয়টি মোবাইল ট্যাব, ছয়টি ট্রাঙ্ক, ৯ হাজার ৫৭০ টাকা এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।