গ্যাস পাইপলাইনের জরুরি মেরামতকাজের কারণে বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহকেরা গ্যাস সুবিধা পাবেন না।
বুধবার (৭ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগারগাঁও, তালতলার পশ্চিমাংশ, শেওড়াপাড়ার পশ্চিমাংশ, কাজীপাড়ার পশ্চিমাংশ, মিরপুর-১০-এর পশ্চিমাংশ, মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর সঙ্গে কল্যাণপুর থেকে মিরপুর-১গামী সড়কের ডান পাশের এলাকাও এই তালিকার অন্তর্ভুক্ত।
জরুরি মেরামতকাজ চলার সময় নির্ধারিত এলাকাগুলোর পাশাপাশি আশপাশের সংলগ্ন এলাকাতেও গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।