বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণ ও তীর দখলমুক্ত করতে ঢাকার ইসলামবাগ এলাকায় অভিযান চালিয়ে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় নদীর দুই তীর থেকে প্রায় ১০০ টন প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণ করা হয়।
সোমবার (১২ অক্টোবর) লালবাগ ও কামরাঙ্গীরচর থানাধীন ইসলামবাগ এলাকায় এ সমন্বিত উচ্ছেদ ও বর্জ্য অপসারণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি এক্সক্যাভেটর ও পাঁচটি ড্রাম ট্রাক ব্যবহার করা হয়।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের দায়ের করা রিটের ধারাবাহিকতায় দাখিল করা আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে হাইকোর্ট সংশ্লিষ্ট এলাকায় বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশ দেন। আদালতের ওই নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির উদ্যোগে এ অভিযান চালানো হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), ঢাকা জেলা প্রশাসন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এ সময় বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোবারক হোসেন মজুমদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ উদ্দিন, লালবাগের সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম এবং পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. তরিকুল ইসলামসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, নৌপুলিশ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণ, প্লাস্টিকসহ অন্যান্য বর্জ্য অপসারণ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ শেষ না হওয়া পর্যন্ত এ সমন্বিত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।