আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে: হাসনাত আবদুল্লাহ

পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) ‘ক্রসফায়ার’ সংক্রান্ত মন্তব্য প্রত্যাহার করে জনগণের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর মুগদায় আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এই দাবি জানান।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আইজিপির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে ধরে নিতে হবে সরকার আবার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে প্রশ্রয় দিচ্ছে। সোমবার ঢাকায় এক গণসংযোগে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, পুলিশপ্রধান মন্তব্য করেছেন সরকার অনুমতি দিলে তারা মানুষকে ক্রসফায়ারে দিতে প্রস্তুত। বিতর্কিত সাবেক পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ, সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ ও বিপ্লব কুমার সরকারের নাম উল্লেখ করে তিনি অভিযোগ করেন, এ ধরনের মানুষদের নতুন করে সামনে এনে পুরো পুলিশ বাহিনীকে আবার কলঙ্কিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, জুলাইয়ের ঘটনার পর পুলিশের ভাবমূর্তি ও মনোবল বেশ ভেঙে পড়েছিল। সাধারণ পুলিশ সদস্যরা যখন সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, ঠিক তখনই আইজিপির এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য সবাইকে বিব্রত করছে। পৃথিবীর অন্য কোনো দেশে এমন কথা বললে ওই ব্যক্তি আর পদে থাকতে পারতেন না বলেও মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ।

গণসংযোগে মোংলার নিখোঁজ মিরাজের সন্ধান দাবি করেন তিনি। তার অভিযোগ, কোস্টগার্ডের সদস্যরা মিরাজকে গুম করার কাজে যুক্ত ছিলেন। এ ছাড়া, বিএনপিকে ভোট দিয়ে ভুল করেছেন—এমন কথা বলার কারণে গ্রেপ্তার হওয়া এক নারীরও অবিলম্বে মুক্তি চান হাসনাত আবদুল্লাহ।