পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার ও নিটোল নিরাপত্তা নিশ্চিত করতে ৪টি থানা এবং ৬টি তদন্ত কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
আজ বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
আইজিপি বলেন, ক্রমবর্ধমান এই উপশহরের নিরাপত্তা সুসংহত করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতায় এখানে ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইন, ৩টি উপ-কমিশনারের (ডিসি) কার্যালয় এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের কাজ পুরোদমে চলছে। এই অবকাঠামো নির্মাণের জন্য পুলিশের অনুকূলে মোট ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির নিবন্ধন বা আইনি প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে পুলিশ প্রধান আরও জানান, পূর্বাচলকে পুরোপুরি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের (অতিরিক্ত আইজিপি/কমিশনার পদমর্যাদা) নেতৃত্বে সম্পূর্ণ আলাদা একটি পুলিশ বিভাগ গঠনের পরিকল্পনা রয়েছে সরকারের। এই প্রস্তাবিত নতুন বিভাগের জন্য প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবলও সৃষ্টি করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য বাসিন্দারা উপস্থিত ছিলেন।
এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে বহিরাগত প্রবেশ নিষেধ
রাজধানীতে ৪০ লাখ টাকার জাল নোট জব্দ, গ্রেপ্তার ৩