জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগে ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে এক লাখ টাকাসহ আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আটক সার্ভেয়ারের বিরুদ্ধে ৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ ছিল। মঙ্গলবার অভিযান চালিয়ে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় তাঁকে আটক করা হয়েছে।
দুদক সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত সৈনিক মো. মনিরুল ইসলাম ঢাকা জেলার লালবাগ থানাধীন চর-কামরাঙ্গী মৌজার বিভিন্ন দাগে থাকা মোট ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন। এসব জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির সীমানা পৃথক করা এবং স্কেচম্যাপ তৈরির জন্য গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন তিনি।
এরপর প্রায় ছয় মাস ধরে লালবাগ রাজস্ব সার্কেলে একাধিকবার যোগাযোগ করেও জমির সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন করাতে পারেননি মনিরুল ইসলাম। একপর্যায়ে তাঁকে ওই কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।
দুদকের অভিযোগ অনুযায়ী, জমির সীমানা নির্ধারণ ও নামজারির কাজ সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে মনিরুল ইসলামের কাছে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন সার্ভেয়ার আসাদুল ইসলাম। পরে বিষয়টি দুদককে জানান অভিযোগকারী। একই সঙ্গে ঘুষ দাবির সঙ্গে জড়িত ব্যক্তিকে হাতেনাতে আটকের জন্য ফাঁদ অভিযান পরিচালনার অনুরোধ করেন তিনি।
অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দুদকের ঢাকা-১ জেলা কার্যালয়ের একটি বিশেষ দল পরিকল্পিত ফাঁদ অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে আটক করা হয়।
দুদক জানিয়েছে, আটক সার্ভেয়ারের বিরুদ্ধে কমিশনের ঢাকা-১ জেলা কার্যালয়ে মামলা দায়ের এবং তাঁকে আদালতে সোপর্দ করার আইনগত প্রক্রিয়া চলছে।