যাত্রাবাড়ীতে নারীর চার টুকরো মরদেহ উদ্ধার

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১১:৫৫ এএম

রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকা থেকে শিরিন বেগম (৩৫) নামে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী দুলালকে (৫০) আটক করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. এ কে এম মইনুদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে শিরিন বেগমের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার স্বামী দুলালকে আটক করা হয়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পরকীয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। এর জেরে দুলাল স্ত্রীকে হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

নিহত শিরিন বেগমের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বিখাখালি গ্রামে। তার বাবার নাম মৃত সোহরাব আলী। তার এক ছেলে চট্টগ্রামে এবং এক মেয়ে গাজীপুরে থাকেন। তাদের খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এমইউ
আরও পড়ুন