ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন, শিল্পাঞ্চলে ককটেল বিস্ফোরণ

রাজধানীর শেরেবাংলা নগর থানার মেট্রো স্টেশনের নিচে লাভলী পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অন্যদিকে শিল্পাঞ্চল থানার সাউথ ইস্ট ইউনিভার্সিটি সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি বলেন, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ৬টা ৪০ মিনিটের দিকে দাঁড়িয়ে থাকা লাভলী পরিবহনের একটি পাশে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এবং শিল্পাঞ্চল থানার সাউথ ইউনিভার্সিটি সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এই ঘটনায় আহত বা হতাহত সংবাদ পাওয়া যায়নি বলে জানান তিনি।

অগ্নিসংযোগের পর জ্বলন্ত বাসের একটি ভিডিওতে দেখা যায়, লাল-সাদা রঙের বাসটি দাউ দাউ করে জ্বলছে। এটি রাস্তার পাশে দাঁড় করানো অবস্থায় ছিল। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ছিল চারপাশে।