রাজধানীজুড়ে তাণ্ডব: বাসে আগুন ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৯ এএম

রাজধানী ঢাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। রোববার সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত মালিবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ক্যান্টনমেন্ট স্টেশনসহ শহরের বিভিন্ন পয়েন্টে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

একই দিন সন্ধ্যায় ভাটারা এলাকায় জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেয় অপরাধীরা। হঠাৎ এসব নাশকতামূলক কর্মকাণ্ডে জনমনে ব্যাপক ভীতি সৃষ্টি হয়েছে।

পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালিবাগে সিআইডি ও এসবির প্রধান কার্যালয়ের পার্কিংয়ে রাখা একটি গাড়ির বোনেটে ককটেল বিস্ফোরিত হয়। খবর পেয়ে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের টিএসসি, ভিসি চত্বর, প্রশাসনিক ভবন ও নীলক্ষেত তোরণসহ বিভিন্ন স্থানে ৯টি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনার সাথে জড়িত সন্দেহে স্থানীয়দের সহায়তায় পুলিশ তিনজনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়।

ক্যানটনমেন্ট রেলওয়ে স্টেশন, ভাটারা, উত্তরা পূর্ব এবং তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিভিন্ন স্থানেও গভীর রাত পর্যন্ত বিস্ফোরণের ঘটনা ঘটে। নর্থ সাউথ এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে ককটেল ফুটিয়ে এলাকা থমথমে করে তোলা হয়।

উত্তরা পূর্ব থানা এলাকায় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা 'জয় বাংলা' স্লোগান দিয়ে তিনটি ককটেল ফুটিয়ে দ্রুত সটকে পড়ে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাশকতার কারণ খতিয়ে দেখতে পুরো শহরে নজরদারি জোরদার করেছে।

এইচএন
আরও পড়ুন