রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৫২টি মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৯ জন, লালবাগে ৪৯, ওয়ারীতে ৪০, মতিঝিলে ৫৯, তেজগাঁওয়ে ৭৬, মিরপুরে ১২৭, গুলশানে ৪৫, উত্তরা বিভাগে ৫১, স্পেশাল রেসপন্স ইউনিটে (এসআরইউ) ৩ এবং গোয়েন্দা বিভাগে ৫ জন রয়েছেন।

অভিযানকালে একটি চীনা কুড়াল, চারটি ককটেল, ককটেলের বিস্ফোরিত ১১টি অংশ ও নিষ্ক্রিয় দুটি অংশ উদ্ধার করা হয়। এ ছাড়া ৪ হাজার ২৮২টি ইয়াবা, ১০ কেজি ৬২০ গ্রাম গাঁজা, ৪৩টি মোবাইল ফোন এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

মো. আকতার হোসেন বলেন, বুধবার (১১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।