নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং যানবাহনের নিরাপত্তা রক্ষায় রাজধানী ঢাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও অপরাধপ্রবণ এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। পাশাপাশি বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট এবং জোরদার করা হয়েছে টহল কার্যক্রম।
বুধবার (১১ নভেম্বর) ডিএমপির মুখপাত্র ও উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরবাসীর জানমালের সুরক্ষা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ডিএমপির বিভিন্ন থানা ও ইউনিট যৌথভাবে এ কার্যক্রম পরিচালনা করছে। চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্রও পরীক্ষা করছেন পুলিশ সদস্যরা।
ছাড়া নগরীর বিভিন্ন এলাকায় সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণের পাশাপাশি ছিনতাই, চুরি ও ডাকাতিসহ অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ সড়ক এবং জনসমাগমস্থলে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। সড়কে চলাচলকারী যানবাহন ও চালকদের নিরাপত্তার বিষয়টিও বিশেষ গুরুত্ব পাচ্ছে। ডিএমপি জানিয়েছে, অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা প্রতিরোধ এবং নগরবাসীর নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য। নগরীর সার্বিক নিরাপত্তা রক্ষায় পুলিশের এ তৎপরতা অব্যাহত থাকবে।
বেসরকারি স্কুলে অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল হবে এমপিও
জমি কেনার আগে যে ১৫টি বিষয় অবশ্যই যাচাই করবেন