কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে তরুণ নিহত

রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুড়ে গেছে অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান।

রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ৫৩ মিনিটে টিঅ্যান্ডটি কলোনির পশ্চিম পাড়ায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি কর্মকর্তা রাকিবুল হাসান জানান, ভোর ৪টা ৫৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

নিহত শাহরিয়ার রহমান শুভ্রর বাবার নাম মো. মনির হোসেন এবং মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা। তিনি টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেটে ইসলামের ভাড়াটিয়া হিসেবে থাকতেন। তাঁর স্থায়ী ঠিকানা ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামে।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।