আজ বায়ুদূষণে ঢাকার অবস্থান কত?

কয়েক দিনের বৃষ্টিতে রাজধানী ঢাকার বায়ুমানের কিছুটা উন্নতি হয়েছে। কিছুদিন আগেও শহরটির বাতাসের মান দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছিল। তবে এখনো দূষণের প্রভাব কাটেনি। বিশ্বের ১২৬টি শহরের মধ্যে রোববার (২২ নভেম্বর) সকালে ঢাকার অবস্থান ছিল ১১তম। এ সময় শহরটির বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৩৪, যা সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর।

বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক অনুযায়ী, রোববার (২২ নভেম্বর) সকাল ৮টা ৯ মিনিটে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর। শহরটির বাতাসের মান ছিল বিপজ্জনক পর্যায়ে। অন্যদিকে ভারতের রাজধানী দিল্লির বাতাস ছিল খুবই অস্বাস্থ্যকর।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। ১৫১ থেকে ২০০ হলে বাতাস অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

ঢাকার একিউআই স্কোর ১৩৪ হওয়ায় শিশু, বয়স্ক ব্যক্তি এবং অ্যাজমা বা ফুসফুসের রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য শহরটির বাতাস বিশেষভাবে উদ্বেগের। সাম্প্রতিক বৃষ্টিতে দূষণের মাত্রা কিছুটা কমলেও বায়ুমান এখনো পুরোপুরি স্বাস্থ্যকর পর্যায়ে ফেরেনি।

ঢাকা, দিল্লি ও লাহোর প্রায়ই বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় উঠে আসে। এসব শহরের বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। দূষিত বাতাসের কারণে মানুষের শ্বাসতন্ত্রসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যসমস্যার আশঙ্কা বাড়ে।