রাজধানীর জলাবদ্ধতা নিরসন, খালের পানিপ্রবাহ সচল রাখা, ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে দক্ষিণ ও উত্তর কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখনন কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আগামী দুই মাসের মধ্যে খাল থেকে প্রায় ১১ হাজার ১৪৫ ঘনমিটার বর্জ্য ও পলি অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি খালের দুই পাড়ে বৃক্ষরোপণ করা হবে। এ কাজের ফলে এলাকার প্রায় ১৫ লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন বলে জানিয়েছে ডিএসসিসি।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে কুতুবখালী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ডিএসসিসি জানায়, দক্ষিণ কুতুবখালী খালের ধোলাইপাড়ের গোলাপবাগ সংলগ্ন এলাকা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী পর্যন্ত এবং উত্তর কুতুবখালী খালের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে শনিরআখড়া আন্ডারপাস পর্যন্ত পরিষ্কার ও পুনঃখনন করা হবে।
দুই খালের মোট ১ দশমিক ৯৭৫ কিলোমিটার অংশে এ কাজ চলবে। আগামী দুই মাসের মধ্যে নির্ধারিত অংশ থেকে প্রায় ১১ হাজার ১৪৫ ঘনমিটার বর্জ্য ও পলি (স্লাজ) অপসারণের লক্ষ্য রয়েছে। ডিএসসিসির ৫০ ও ৬২ নম্বর ওয়ার্ডের আওতাধীন এ প্রকল্প বাস্তবায়িত হলে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরে আসবে। এতে এলাকার জলাবদ্ধতা কমার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস হবে। এছাড়া খালের দুই পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষা ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ঢাকা শহরের পানি নিষ্কাশনের প্রধান মাধ্যমগুলোর মধ্যে কুতুবখালী খাল অন্যতম। এর আগেও একাধিকবার খালটি পরিষ্কার করা হয়েছে, এমনকি আমি দায়িত্ব নেওয়ার পরও উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু পলিথিন ও ময়লা-আবর্জনা ফেলার কারণে খালটি বারবার ভরাট হয়ে যাচ্ছে। জনগণ সচেতন না হলে এবং নিজেদের ভালো নিজেরা না বুঝলে শুধু সিটি করপোরেশনের পক্ষে এই সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব নয়।
উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ২২টি ছোট-বড় খাল পুনরুদ্ধার, পুনঃখনন ও পরিষ্কারের বিশেষ কর্মসূচি গত ১৬ নভেম্বর শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় ১৬ নভেম্বর কোনাপাড়া-কদমতলা খাল এবং ১৮ নভেম্বর ডগাইর-বামৈল খাল পরিষ্কার ও পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।