জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থী সাদিকুল ইসলামকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ আসামিপক্ষের জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিন নূরুল ইসলাম নাহিদের পক্ষে আইনজীবী সাথী শাহা জামিন আবেদন করেন। আবেদনে তিনি নূরুল ইসলাম নাহিদের অসুস্থতার কারণে বাসায় বসে চিকিৎসা নেওয়া এবং মামলার ঘটনার বহু আগে রাজনীতি থেকে অবসরের কথা উল্লেখ করেন। এর আগে, গত বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই দিন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানা উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মাহমুদুল হাসান মোড়ল তাকে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম নাহিদ মামলার ঘটনা ও পলাতক অন্য আসামিদের বিষয়ে তথ্য দিয়েছেন। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। আন্দোলন প্রতিহত করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে আর্থিক সহায়তা এবং সক্রিয় অংশগ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। এতে আরও বলা হয়, মামলাটির তদন্ত চলমান। মামলার তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন। তবে তদন্তের স্বার্থে প্রয়োজনে পরে তাকে পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে।
এর আগে, গত ১৯ নভেম্বর রাত ২টা ১০ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে এ অভিযান চালানো হয়। পরে উত্তরা পশ্চিম থানার এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে উত্তরা ৯ নম্বর সেক্টরে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে কোটা সংস্কার আন্দোলন চলছিল। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান এবং গুলি করেন। এতে জামিয়াছিন ইসলামীয়া মাদরাসার শিক্ষার্থী সাদিকুল ইসলাম পেটে গুলিবিদ্ধ হন। পরে তাকে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তার মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মো. আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।
২৪ ঘণ্টায় হামে কোন মৃত্যু নেই, আক্রান্ত ১৪১৭
স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহদী আমিন
ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে ইসি