বিশ্বে বায়ুদূষণের শীর্ষে লাহোর, পঞ্চমে ঢাকা

বায়ুদূষণের কারণে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, এ সময় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৬৯। এ মাত্রার বায়ু সাধারণভাবে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একই সময়ে দূষিত শহরের তালিকায় ২৫৮ স্কোর নিয়ে শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর। ২২২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল ইরাকের বাগদাদ। ১৮১ স্কোর নিয়ে তৃতীয় স্থানে ছিল কাতারের দোহা।

এ ছাড়া ১৭৭ স্কোর নিয়ে পাকিস্তানের করাচি ছিল চতুর্থ এবং ১৬৮ স্কোর নিয়ে চীনের উহান ছিল ষষ্ঠ অবস্থানে। এসব শহরের বায়ুমানও অস্বাস্থ্যকর পর্যায়ে ছিল।

বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে সাধারণভাবে অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।

এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোর হলে বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ থেকে ৪০০ হলে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়। বায়ুদূষণের এমন পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বাইরে চলাচলে সতর্কতা অবলম্বন এবং অন্যদেরও বাইরের শারীরিক কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।