রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ২

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫১ এএম

রাজধানীর হাজারীবাগে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পারভীন আক্তার (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও দুজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাজারীবাগের বটতলা মাজার এলাকার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ দুজন হলেন ফাতেমা আক্তার ঊর্মি (২১) ও ফরিদা বেগম (৪০)।

গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়। সেখানে ফরিদা বেগমকে ভর্তি করা হয়েছে। ফাতেমা আক্তার ঊর্মিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

তাঁদের হাসপাতালে নিয়ে আসা ফরিদা বেগমের ছেলে রুবেল জানান, হাজারীবাগের বটতলা মাজার এলাকার আটতলা একটি ভবনের দ্বিতীয় তলায় তাঁর মা টিউশন করাতেন। রোববার এমনিতেই ওই বাসায় বেড়াতে গিয়েছিলেন তিনি। এ সময় পারভীন আক্তার রান্নাঘরে ছিলেন। হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এতে তাঁর মা ও আরও একজন দগ্ধ হন। পরে তাঁদের হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. হারুন অর রশিদ জানান, হাজারীবাগ থেকে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যজনের অবস্থা আশঙ্কাজনক।

এসজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত