বিশ্বে বায়ুদূষণের শীর্ষে কাবুল, ঢাকার অবস্থান কত?

বায়ুদূষণের তালিকায় বিশ্বের শহরগুলোর মধ্যে পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টায় রাজধানীর বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৮৯, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ওই সময় বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল আফগানিস্তানের কাবুল। শহরটির একিউআই স্কোর ছিল ২৯৭। ২৯৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর। ভারতের দিল্লি ২৬৪ স্কোর নিয়ে তৃতীয় এবং কলকাতা ২৩৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ছিল। এসব শহরের বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

তালিকায় ঢাকার পর ষষ্ঠ অবস্থানে ছিল কাতারের দোহা। শহরটির একিউআই স্কোর ছিল ১৮৪, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।

বায়ুমানের সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’। স্কোর ১৫১ থেকে ২০০ হলে বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়। ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

বায়ুদূষণের এমন পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বিশেষ সতর্কতা অবলম্বন এবং বাইরে অবস্থানের সময় সীমিত রাখার পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।