নিজস্ব প্রতিবেদক: উইঘুর মুসলিমদের অপহরণ ও হত্যা করে মানবতাবিরোধী অপরাধ করেছে চীন। তাই এসব হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে করার আহ্বান জানিয়েছে ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ। বুধবার (৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ আয়োজিত প্রতিবাদ ও আলোচনা সভা থেকে এই আহ্বান জানায় সংগঠনটি।
ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান বলেন, চীনের দানব সরকার শুধু উরুমকি নয়, জিনজিয়াং প্রদেশকেও অন্ধকার কারাগার বানিয়েছে। তারা ২০০৯ সালের এইদিনে (৫ জুলাই) ১৯৭ জন হান জাতির মানুষকে নির্বিচারে হত্যা করেছে। এমন হত্যাকাণ্ড চীন সরকারের সংস্কৃতিতে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, চীন সরকারকে সকল পরাশক্তিসহ মোড়ল রাষ্ট্রগুলোও ভয় পায়। তার মানবতাবিরোধী অপরাধের বিষয়ে কেউ কোন কথা বলতে চায় না। বিশেষ করে মুসলিম দেশগুলোও চীন সরকারের বিরুদ্ধে মুসলিম নিধনের বিষয়ে কোন কথা বলতে নারাজ।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সারাবিশ্বের জনগণ ও মুসলিমদেরকে চীনের এহেন হত্যা, ধর্ষণ, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে সোচ্ছার হওয়ার আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে জাতিসংঘকে জিনজিয়াং প্রদেশের স্বাধীনতা প্রদানের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।
প্রসঙ্গত, চীন সরকার ২০০৯ সালে আজকের এই দিনে উরুমকিতে দাঙ্গা বাঁধিয়ে নিরস্ত্র হান জাতির মানুষকে হত্যা ও উইঘুর মুসলিমদের অপহরণ এবং হত্যা করে। যা মানবতাবিরোধী অপরাধ। তাই এসব অপরাধের বিচারের জন্য চীনকে আন্তর্জাতিক অপরাধ আদালতে আনা দরকার বলে মনে করেন সংগঠনটি।
সংগঠনের চেয়ারম্যানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নেজামে ইসলাম বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা হারিসুল হক, মহাসচিব মুফতি আহসান উল্লাহ সালামী, বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান মো. ফয়েজ উল্লাহ পাঠান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা আবুল কাশেম কাসেমী, ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের মহাসচিব মুফতি মো. রফিকুল ইসলাম প্রমুখ।