দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনের নৌকার মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদের নির্বাচনী প্রচারণায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর হাতিরপুলে এই ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুরে হাতিরপুলে নির্বাচনী প্রচারণায় যান ঢাকা-১০ আসনের নৌকার প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস। সেখানে লিফলেট বিতরণ করার সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা হামলা করে। এ সময় নৌকার কর্মীরা আহত হন। আহতরা হলেন- মো. সোহেল, শিশির, জনি, আলীফ, তুষার, মাহি, জলিল, উজ্জ্বল, অনিন্দ্র, রাসেল, ইব্রাহিম, মোশারফসহ আরও অনেকে।
নিউমার্কেট থানার এসআই কামাল উদ্দিন মুন্সি বলেন, দুপুরে নির্বাচনী প্রচারণার জন্য হাতিরপুলে যান আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এসময় সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে কয়েকজনের তথ্য সংগ্রহ করেছেন।