রাজধানীর উত্তরায় মোটরসাইকেলের দুই আরোহীকে রামদা দিয়ে হামলা করে দুই যুবক। ভুক্তভোগী দুজন স্বামী-স্ত্রী। হামলার পর নিজের জীবন বাজি রেখে স্বামীর প্রাণ বাঁচাতে সামনে দাঁড়ান তার স্ত্রী ইফতি। ধারালো অস্ত্রের মুখে স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়িয়ে যাওয়ার অদম্য সাহসের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রসংশা কুড়িয়েছেন স্ত্রী ইফতি।
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিক জানান, বেপরোয়া গতির একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। এই ঘটনায় প্রথমে রিকশাচালক প্রতিবাদ করেন। পাশের আরেকটি বাইকে ছিলেন ভুক্তভোগী দম্পতি। তারাও এর প্রতিবাদ জানান। তখন ধাক্কা দেওয়া মোটরসাইকেলের দুই আরোহী আরও কয়েকজনকে ডেকে আনেন। পরে ওই দম্পতির ওপর তারা ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, আটক দুই যুবকদের মধ্যে মোবারকের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলায়। তিনি গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় ভাড়া থাকেন। আর রবি রায়ের বাড়ি টঙ্গী পশ্চিম থানাধীন হাজীর মাজার এলাকায়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে হামলার ভিডিও।
পুলিশ জানায়, হামলাকারী দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন- মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২৭)।