কলাবাগানে চাঁদাবাজি ও হামলার অভিযোগে ১৪ সমন্বয়ক গ্রেপ্তার

রাজধানীর কলাবাগান থানার রাসেল স্কয়ার এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের থানা আহ্বায়ক সালাউদ্দিন সালমানসহ ১৪ সমন্বয়ককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (৭ মার্চ) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান বলেন, গ্রেপ্তারদের মধ্যে সংগঠনটির কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমানসহ বিভিন্ন পদের নেতা-কর্মীরা রয়েছেন। তারা রাসেল স্কয়ারে শেখ কবির নামে এক ব্যক্তির ব্যবসায়িক অফিসে চাঁদা দাবি করে হামলা, ভাঙচুর ও লুটপাট করেন।

2

ওসি মুক্তারুজ্জামান আরও বলেন, ‘দুপুরে ধানমন্ডির রাসেল স্কয়ারে কাবিকো কনষ্ট্রাকশন লিমিডেট নামের একটি প্রতিষ্ঠানে আওয়ামী লীগের অফিস সন্দেহে হামলা চালায় অভিযুক্তরা। এ সময় ৩ লাখ টাকা,  চারটি কম্পিউটার লুটসহ অফিসে হামলা ভাংচুর চালানো হয়। আটকদের কাছ থেকে ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা বিঘ্ন করার অপরাধে দ্রুত বিচার আইনে আটক ১৪জনসহ আরও ৫-৬ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করা হয়েছে।’

জানা গেছে. অভিযুক্তরা রাজধানীর রাসেল স্কয়ারে শেখ কবির নামের এক ব্যক্তির ব্যবসায়িক অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে।

স্থানীয় ব্যবসায়ীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন। অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এ ঘটনায় কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।