বিএনপির কেন্দ্রীয় নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া নারীদের জন্য চাকরি, সুযোগ সুবিধা ও আলাদা মহিলা বিষয়ক মন্ত্রণালয় করে তাদেরকে সম্মানিত করেছেন। নারীরা প্রশাসনসহ বিভিন্ন কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’
বুধবার (৪ জানুয়ারি) নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫ নম্বর বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ত্রিমোহনী বাজারে নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘নারী সমাজ আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামকে প্রত্যাখ্যান করবে। যেখানে দেশের অর্ধেক পুরুষ অর্ধেক নারী আমাদের নবী করীম মুহাম্মদ (সাঃ) ইসলামে উল্লেখ করেছেন, উনি নিজেও আমাদের মাদেরকে মেয়েদেরকে সম্মানিত করেছেন। দুঃখজনক হলেও সত্য আজকে মেয়েরা যারা সমান অধিকার রাখে তাদেরকে নিয়ে একটা দলের আমির তিরস্কার করে যে বক্তব্য রেখেছেন এটা অত্যন্ত দুঃখজনক।’
তিনি আরো বলেন, ‘আজকে সারা দেশের নারী সমাজ ফুসে উঠেছে, বিক্ষুব্ধ হয়ে উঠছে কারণ তারা ক্ষমতায় গেলে নারীদের ঘর থেকে বের হতে দেবে না।’
এসময় আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক, রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।