নাটোরের সিংড়ায় ঈদগাহ মাঠের জমি দখলকে কেন্দ্র করে পাছলাড়ুয়া ও নতুনবস্তি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গ্রামের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাছলাড়ুয়া ঈদগাহ মাঠ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদগাহ মাঠের জমি মাপজোক ও দখল নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও উত্তেজনা দেখা দেয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের লোকজন লাঠি ও হাসুয়া নিয়ে একে অপরের ওপর হামলা চালান। এতে কয়েকজনের মাথা, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত উত্তেজনা না থাকলেও পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংকট সমাধানে একাধিক প্রস্তাব দিলেও গুরুত্ব দেয়নি সরকার: গোলাম পরওয়ার
কাপাসিয়ায় ৪০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক